বাংলাদেশ

শ্রমিক আন্দোলন ঘিরে মিরপুরে কড়া নিরাপত্তা

শ্রমিক আন্দোলন ঘিরে মিরপুরে কড়া নিরাপত্তা

ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে ডিএমপি।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে গতকাল (রোববার) শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। বোর্ড গঠনের খবর জানার পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার কথা। আজ শ্রমিকরা কেউ আসেননি। এলাকার পরিবেশ-পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। যান চলাচলও স্বাভাবিক।

মহিদুল ইসলাম আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, রাস্তা অবরোধ, ভাঙচুর কিংবা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও দায়িত্ব পালন করছে।

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশপাশের কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। জনগণের জানমালের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে।

গতকালের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, গাড়ি বা কারখানায় ভাঙচুর ও সাধারণ মানুষের জানমাল কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিষয়:গাড়ি ভাঙচুর ডিএমপি নিরাপত্তা মিরপুর মিরপুর-১০ নম্বর গোলচত্বর যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…