ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে মিরপুরে জড়ো হওয়ার চেষ্টা, আটক ২৩

ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার মিরপুরে সোমবার আবারও রাস্তায় নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
পুলিশ জানায়, সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। তবে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে আন্দোলনকারীরা নিজ নিজ কারখানায় ফিরে যান। এ সময় বিক্ষোভে অংশ নেওয়ার চেষ্টার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।
এর আগে রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ।
মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, জলকামানসহ বিভিন্ন যানবাহন মোতায়েন রাখা হয়েছে।






