ট্রেনে কাটা পড়ে শ্যালক ও দুলাভাই নিহত

রাস্তায় পড়ে থাকা ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, দুর্ঘটনার পরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাওয়াত খেয়ে ফেরাত পথে ট্রেনে কাটা পড়ে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং-এ ঢাকাগামী বেনাপোল এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো, উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত নইমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত হারুন অর রশীদের ছেলে মাসুম মিয়া। তারা দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
স্থানীয়রা জানান, মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে মোটরসাইকেল যোগে হাতিয়া এলাকায় একটি বিয়ের দাওয়াত খেতে আসেন। দাওয়াত খাওয়া শেষে রাতে বাড়ি ফেরার সময় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। সেসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপসহকারি পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।






