ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দল ছিল ৩২ সদস্যের। সেটা ছোট হয়ে এসেছে রোববার। তবে সেদিন অনুশীলন করেনি বাংলাদেশ দল। ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণার পর সোমবারই প্রথমবার মিরপুরে নেমেছিলেন টাইগাররা। যাতে মূল অনুশীলনের আগেই বোলাররা সারলেন ব্যাটিং।
বোলিং মেশিন থেকে পাথরের স্ল্যাপ ঘেঁষে গতি বাড়িয়ে বল আসতে লাগল মাশরাফী-মোস্তাফিজ-রুবেলদের দিকে। জায়গায় দাঁড়িয়ে সামনের পা বাড়িয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা চলল কিছুক্ষণ।
ঘড়ির কাটা ৩টা ছুঁতেই আসন্ন সিরিজের রণকৌশল পুরো দলকে বুঝিয়ে দিলেন কোচিং ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, সহকারী কোচ রিচার্ড হ্যালসল। সবার শেষে বোঝাতে এলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পরে করতালি দিয়ে সেন্টার উইকেটে চলে গেল পুরো দল।
একই কাজ এবার ব্যাটসম্যানদের। জুটি বেধে তামিম-বিজয়, মিঠুন-নাসির, সাব্বির-মিরাজ, মাহমুদউল্লাহ-মুশফিকরা দেখালেন জায়গায় দাঁড়িয়ে ছক্কার প্রদর্শনী।
ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে সতীর্থদের ব্যাটিং দেখলেন ইমরুল কায়েস। দু’দিন আগে বলের আঘাতে আঙুলে চিড় ধরায় ব্যাটিং করা হয়নি এ বাঁহাতির। এমসিসি সভার কারণে সিডনি থাকায় ছিলেন না সাকিব আল হাসান। বাকি সবাই অনুশীলনে ঘাম ঝরালেন সোমবার।

আর প্রাথমিক দলে থাকা অন্যদের যারা ওয়ানডে দলে জায়গা পাাননি, সেই সৌম্য-তাসকিন-মুমিনুল-লিটন-শফিউলরা যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। মঙ্গলবার বিকেএসপি ও সিলেটে শুরু হচ্ছে বিসিএলের ষষ্ঠ আসর।










