একটা সময় বাংলাদেশ দলে ছিল বাঁহাতি স্পিনারের ছড়াছড়ি। কাকে রেখে কাকে সুযোগ দেবেন ভাবনায় পড়ে যেতে হতো নির্বাচকদের। বাঁহাতি স্পিনের সেই সোনালী দিন এখন অতীত। এক সাকিব আল হাসানের উপর ভরসা করে চলছে বাংলাদেশ জাতীয় দল। ফর্ম হারিয়ে আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, সোহরাওয়ার্দী শুভ, আরাফাত সানিরা আড়ালে। তৈরি হয়েছে শূন্যতা। যেটি পূরণ করতে চান সানজামুল ইসলাম। হতে চান সাকিবের সঙ্গী।
বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে খেলা সানজামুলকে ত্রিদেশীয় সিরিজের দলে ফেরানো হয়েছে। মিরপুরে চলছে কঠোর অনুশীলন। তারই ফাঁকে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশা ও লক্ষ্যের কথা শোনানেল এই স্পিনার।
‘আসলে রাজ্জাক ভাই যাওয়ার পর থেকে সানী ভাই ভাল করছিল। অ্যাকশনের কারণে সে জায়গা হারিয়েছে। আমার এখন সুযোগ এসেছে। আমি যেন সেরাটা নিংড়ে দিয়ে সাকিব ভাইয়ের পাশে স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি সেই চেষ্টা থাকবে।’
গত বছর পেসস্বর্গে লাল-সুবজ জার্সি পড়ার সুযোগ হয় সানজামুলের। প্রথম পরীক্ষায় খারাপ করেননি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ৫ ওভার বল করে ২২ রানে নিয়েছিলেন ২ উইকেট। ওই বছর আর সুযোগ আসেনি। নতুন বছরের প্রথম সিরিজেই সুযোগ এসেছে। এবার ঘরের মাঠে ভাল করে দলে নিয়মিত হওয়ার চ্যালেঞ্জ।
‘আমি ওখানে ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি কন্ডিশনের কারণে। তবে বাইরে থেকেও অনেককিছু শেখার চেষ্টা করেছি। সেটা কাজে লাগিয়ে এখন সুযোগ পেয়েছি। এখন যেন ভাল কিছু করতে পারি, দলে নিয়মিত ক্রিকেটার হতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
জাতীয় দলে বাঁহাতি স্পিনারের অভাবের দিনে চেষ্টা করা হয়েছিল মোশাররফ হোসেন রুবেল ও সাকলাইন সজীবকে দিয়েও। কিন্তু তারা প্রত্যশা পূরণ করতে পারেননি। সানজামুল পারবেন কিনা সেটা সময়ের হাতেই তোলা থাকছে। তার আগে অবশ্য একাদশে সুযোগটাও মিলতে হবে!







