স্পোর্টস

প্রস্তুতি ম্যাচ খেলবে তো জিম্বাবুয়ে?

প্রস্তুতি ম্যাচ খেলবে তো জিম্বাবুয়ে?

ফাইল ছবি

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ১৫ জানুয়ারি মিরপুরে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। তার আগে ১৩ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সফরকারীদের। তবে জিম্বাবুয়ে বাংলাদেশে আসার তারিখ দ্বিতীয়দফা পেছানোয় প্রস্তুতি ম্যাচ নিয়েই শঙ্কা জেগেছে!

জিম্বাবুইয়ান ক্রিকেটারদের ঢাকায় আসার কথা ছিল ১০ জানুয়ারি। সেটি একদিন পিছিয়ে ১১ জানুয়ারি রাতে আসার কথা জানায় দলটি। বুধবার বিসিবির পক্ষ থেকে জানানো হয় অতিথিরা আরও একদিন পিছিয়ে ১২ জানুয়ারি বিকেলে ৫টায় ঢাকায় এসে পৌঁছাবে।

লম্বা বিমানভ্রমণের পর শুধু রাতের ঘুমটুকুই বিশ্রাম হিসেবে পাবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ১৩ জানুয়ারি ডে ম্যাচ হওয়ায় খুব ভোরেই তাদের ছুটতে হবে সাভারের বিকেএসপি। দলটি এই ঝক্কি নিতে চাইবে কিনা সেটি নিয়েই এখন আলোচনা। তবে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি সেরে রেখেছে বিসিবি।

প্রস্তুতি ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করে রেখেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে দলে থাকা চার ক্রিকেটার বিজয়, সাব্বির, মিঠুন ও আবুল হাসানও আছেন বিসিবি একাদশে।

আসরের অপর দল শ্রীলঙ্কা আসবে ১৩ জানুয়ারি। তাদের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে।

বিষয়:ট্রাইনেশন্স সিরিজ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…