নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলনে নতুন বলটা হাতে দৌড় দিলেন মাশরাফী। তামিম খেললেন রক্ষণাত্মক ভঙ্গিতে। ওয়ানডে অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তা কেটে গেল প্রথম বলটা সাবলীলভাবে ছোঁড়ার পরই। মঙ্গলবার অনুশীলনে সাব্বিরের ব্যাটে ছুঁয়ে আসা বল তালুতে নিতে গিয়ে টাইগার অধিনায়ক আঘাত পেয়েছিলেন বাঁ-হাতের কনিষ্ঠায়। একইদিনে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট পান আরেক পেসার রুবেল। ত্রিদেশীয় সিরিজের আগে বুধবার মাশরাফীকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেলেও শঙ্কা থেকে গেল রুবেলকে ঘিরে।
বুধবার আঙ্গুলের এক্স-রে করিয়েছেন রুবেল। রিপোর্ট অনুযায়ী বুড়ো আঙ্গুলের একটি অংশের হার থেঁতলে গেছে তার। চিড় আছে কিনা সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী জানালেন, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রিপোর্ট পর্যালোচনা করে জানাতে পারবেন বিস্তারিত অবস্থা।
দেবাশীস চৌধুরী জানালেন, ডানহাতি পেসার হওয়ায় বোলিংয়ে জন্য রুবেলের কোন সমস্যা নেই। তবে ব্যাট ধরতে সমস্যা হতে পারে।

অন্যদিকে বলের আঘাতে আঙুলে সূক্ষ্ম চিড় ধরেছিল ইমরুল কায়েসের। বুধবার ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। অনুশীলন ম্যাচে ব্যাটিংয়ে না নামলেও নেটে ব্যাটিংয়ের পর ঘাসের উপর হালকা অনুশীলন করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তবে ব্যথা পুরোপুরি কমেনি। বিসিবি চিকিৎসক জানিয়েছেন ধীরে ধীরে ব্যথা কমে আসবে ইমরুলের।






