চোরাচালান বিরোধী অভিযানে পুলিশের গুলিতে ড্রাইভার নিহত

খুলনার ডুমুরিয়ায় চোরাচালানের পণ্যবহনকারী সন্দেহে কাভার্ড ভ্যান আটকের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) মাইক্রোবাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের গুলিতে কাভার্ড ভ্যান ড্রাইভার নিহত ও এপিবিএনের সিনিয়র এএসপি এহতাশামুল হকসহ ১৩ পুলিশ ও কাভার্ড ভ্যানের হেলপার আহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার চাকুন্দিয়ায় এ ঘটনা ঘটে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, চোরাচালানের মালামাল আটকের জন্য এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর এলাকায় নেভী কোম্পানির একটি কাভার্ড ভ্যানকে থামার নির্দেশ দেয়। কিন্তু কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোঁড়ে।
কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে এএসপিসহ ১৩ পুলিশ সদস্য আহত হয়। পুলিশের গুলিতে কাভার্ড ভ্যান ড্রাইভার নিহত ও হেলপার আহত হয়।
পরে ডুমুরিয়া থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় পাঁচ পুলিশ সদস্য ও হেলপারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮জনকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।






