গ্রুপ পর্ব থেকে নারী কাবাডি দলের বিদায়

জাকার্তা এশিয়ান গেমসের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। গতবার তারা ব্রোঞ্জ জিতেছিল।
শুটিংয়েও অবস্থা ভালো না। তৃতীয় দিনের দুটি ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের শুটাররা। সাঁতারে আলো ছড়াতে পারেননি মাহফিজুর রহমান সাগর।
মঙ্গলবার প্রতিযোগিতার তৃতীয় দিন মেয়েদের কাবাডির ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ৫২-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ। এ নিয়ে গ্রুপের তিনটি ম্যাচই হারল শাহানাজ-রুপালিরা।
ছেলেদের কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২৯-২৫ পয়েন্টে হারিয়েছেন মাসুদ-আরদুজ্জামানরা।
মেয়েদের ৬৮ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল কুস্তিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শিরিন সুলতানা চীনের প্রতিযোগীর কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন।
সোমবার হকির পর কাবাডিতেও জয় পেয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডকে লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়ে দেয় ৩৪-২২ পয়েন্টে।






