বাংলাদেশ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশের অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে স্থাপিত সিসি ও আইপি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।

সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক ও স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখার সিদ্ধান্তও হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:নিরাপত্তা বিজয় দিবস-২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…