ক্রিকেট

হৃদয়-লিটনের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

হৃদয়-লিটনের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

২২ রানে ৩ উইকেট, ১২১ রানে ৫, জোহানেসবার্গ টেস্টে শুরুতে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে মহাকাব্যিক প্রত্যাবর্তন করেছে টিম টাইগার্স। তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থেমেছে প্রথম ইনিংস। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। আগের সর্বোচ্চ ছিল ৩২৬ রান, ২০১৫ সালে চট্টগ্রামে।

৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রানে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাসকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দিনের শুরুতে অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৫৪ বলে ১২ চার ও ১ ছক্কায় তিন সংখ্যায় পৌঁছান টাইগার তারকা।

দলীয় ৩৫৯ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ আউট হন ১৬ বলে ১০ রান করে। ৯৫.৩ ওভারে দলীয় ৩৭০ রানে অষ্টম উইকেটের পতন ঘটে। লিটন দাস ফেরেন ১৪ চার ও ১ ছক্কায় ১৭৯ বলে ১২০ রান করে। ৩৯১ রানে হাসান মাহমুদ আউট হন। ২৪ বলে ১৬ রান করেন। চারশ রানে তাসকিন আউট হলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটে। ১৬ বলে ১৭ রান করেন তাসকিন, ইবাদত অপরাজিত থাকেন ১ রানে।

এর আগে রোববার ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংস শুরুর বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ২ রানে রাবাদার দ্বিতীয় শিকার হন মুমিনুল হক। ৭ বলে খালি হাতে ফেরেন। তৃতীয় উইকেট জুটিও টেকেনি বেশিক্ষণ। দলীয় ২২ রান শান্ত ফিরে যান। ১২ রান করে রাবাদার তৃতীয় শিকার হন বাংলাদেশ অধিনায়ক।

চতুর্থ উইকেট বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম। দুজনে যোগ করেন ৯৯ রান। ৩৪.১ ওভারে দলীয় ১২১ রানে রাবাদার চতুর্থ শিকার হন তানজিদ। ১২ চারে ১০৮ বলে ৬৭ রান করেন বাংলাদেশ ওপেনার। পরের বলেই মুশফিকুর রহিমকে পঞ্চম শিকার বানান রাবাদা। খালি হাতে ফেরেন।

১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চাপ কাটিয়ে তোলেন হৃদয় ও লিটন জুটি। ২৯৯ বলে ২০৬ রান যোগ করেন দুজনে। যা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

দিনের শেষ বলে আউট হন তাওহীদ হৃদয়। মার্কো জানসেনের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১৪ চার ও ১ ছক্কায় ২২৭ বলে ১৩৭ রানে ফেরেন। চতুর্থ টেস্টে হৃদয়ের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে রাবাদা ৫ উইকেট, ডেন পিটারসন ৪ উইকেট এবং মার্কো জানসেন নেন এক উইকেট।

বিষয়:জোহানেসবার্গ দ্বিতীয় দিন প্রথম ইনিংস প্রথম টেস্ট বাংলাদেশ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…