বিশ্বকাপ মেডেল জিতেছেন। পেয়েছেন অ্যালান বোর্ডার পুরস্কারও। অ্যাশেজ জয়ের সঙ্গে ক্রিকেটের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন। ঝুলিতে উঠেছে বছরের সেরা খেলোয়াড়-বাবার পুরস্কার ‘স্পোর্টস ড্যাড অব দ্য ইয়ার’। এবার আরও একটি পুরস্কারের সঙ্গে জড়িয়ে গেল ডেভিড ওয়ার্নারের নাম। অজি তারকার ছবি এঁকে সেদেশের জাতীয় পুরস্কার পেয়েছেন চিত্রশিল্পী জেমস ব্রেনান।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় আর্ট প্রতিযোগিতা ‘বল্ড আর্চি ২০১৭’তে অন্যান্য বিষয়ের সঙ্গে ছিল ওয়ার্নারের ছবি আকার বিষয়টিও। সেই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ান ওপেনারের প্রতিকৃতি এঁকে পুরস্কার পেয়ে যান শিল্পী ব্রেনান। এই নিয়ে তিনবার এই পুরস্কার জিতলেন তিনি।
১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেরা ছবির মধ্যে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ার্নারের নাম উঠল। এর আগে ২০১৪ সালে মাইলি সাইরাসের সঙ্গে যৌথভাবে পুরস্কার জিতেছিল পেসার মিচেল জনসনের ছবি। এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে ১৯৯৮ সালে এই পুরস্কার জিতেছিল অস্ট্রেলিয়া তথা বিশ্বক্রিকেটের আলোচিত নাম শেন ওয়ার্নের ছবি।








