সিডনি টেস্টে টানা দুই বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন উসমান খাজা। সুযোগ পেয়েই টানা দুই ইনিংসে দুই সেঞ্চুরিতে সবার নজর কেড়েছেন বাহাতি এ ব্যাটার। তবুও হোবার্টের শেষ টেস্টে দলে জায়গা পাবেন না বলেই জানিয়েছেন খাজা। কিন্তু এবার সতীর্থকে আশার আলো দেখিয়ে খাজার সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন অধিনায়ক প্যাট কামিন্স।
রোববার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এ কথা জানিয়েছেন অজি অধিনায়ক।
‘আমি নির্বাচক নই, তাই ব্যাপারটা আমার হাতে নেই। কিন্ত দুই ইনিংসেই সেঞ্চুরি করার পর তাকে পরের সপ্তাহেই দল থেকে বাদ দেয়াটা অবশ্যই কঠিন ব্যাপার। ব্যাপারটি আমরা দেখবো। নির্বাচকরা অবশ্যই সামনের কয়েক দিন এটা নিয়ে কাজ করবেন।’
কামিন্স আরও বলেন, ‘উজ একজন অসাধারণ খেলোয়াড়, অভিজ্ঞতার দিক থেকেও সে বেশ এগিয়ে। আমি মনে করি এক থেকে ছয় যেকোনো পজিশনে খেলতে সে সক্ষম।’
এছাড়াও সাম্প্রতিক সময়ে স্পিনের বিপক্ষে খাজার ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুলেননি কামিন্স। প্রশংসা করেছেন খাজার ব্যাটিং স্টাইলেরও।
‘আমি জানি এশিয়াতে তার ব্যাটিং ব্যর্থতার একটি ইতিহাস আছে। তবে এখন স্পিনের বিপক্ষে সে দারুণ খেলছে। নিজের ব্যাটিংয়ের ওপর তার পুরো নিয়ন্ত্রণ রয়েছে। এজন্যই তার অভিজ্ঞতাকে আপনি গুরুত্ব দিতে চাইবেন।’







