ফ্রান্সের পর ইতালির বিপক্ষেও হেরে উয়েফা নেশনস লিগ থেকে ছিটকে গেল বেলজিয়াম। কষ্টার্জিত জয়ে শেষ আট নিশ্চিত করেছে ইতালি। অন্যদিকে শেষ আটে জায়গা করে নিলেও ইসরায়েলের বিপক্ষে হোঁচট খেয়েছে ফ্রান্স।
নেশনস লিগে শুক্রবার রাতে ‘এ’ লিগের গ্রুপ ‘২’র ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। সান্দ্রো টোনালির গোলে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় ইতালি। পরে দুদলের কেউই আর জালের দেখা পায়নি।
একই গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স ও ইসরায়েল। প্রথম দেখায় ইসরায়েলের মাঠে ৪-১ গোলে জিতেছিল ফ্রান্স।
আক্রমণের দুই ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে ও উসমান ডেম্বেলে দলে না থাকলেও ঘরের মাঠে আক্রমণে ঘাটতি ছিল না ফ্রান্সের। গোলের জন্য নেয়া ২৪ শটের আটটি লক্ষ্যে থাকলেও বল জালে পাঠাতে পারেননি কেউই। বিপরীতে সফরকারীরা শট নিয়েছে মোটে একটি।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে দুইয়ে আছে ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। শেষ রাউন্ডে ইতালি ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিত হবে গ্রুপসেরা। বিদায় নিশ্চিত হয়ে গেছে বেলজিয়াম ও ইসরায়েলের।
এদিকে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। গ্রিসের মাঠে জিতেছে ৩-০ গোলে। ম্যাচের ৭ মিনিটে ইংলিশদের এগিয়ে নেন ওলি ওয়াটকিনস। ৭৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন ওডেসিয়াস ভ্লাকোদিমোস। ৮৩ মিনিটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে দেন কার্টিস জোনস।








