ব্যানক্রফটের চার হাজার শব্দের বিবৃতি, পুরোনো অবস্থানেই অনড় কামিন্স

ক্যামেরন ব্যানক্রফট অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় চার হাজার শব্দের বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে ছিল ২০১৮ সালে বল টেম্পারিং বিতর্ক। নতুন করে আলোচনা তৈরী হলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যানক্রফটের দাবির প্রেক্ষিতে কামিন্সের এজেন্ট নিল ম্যাক্সওয়েল জানিয়েছেন, আট বছর ধরে কামিন্স তার অবস্থানে অবিচল এবং সব প্রশ্নের উত্তর আগেই দিয়ে রেখেছেন। এদিকে ঘটনায় নতুন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কামিন্সকে নতুন করে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সিইও টড গ্রিনবার্গ।
গত সপ্তাহে সিডনির সংবাদ সম্মেলনে কামিন্স দাবি করেছিলেন ২০১৮ সালের সাউথ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের বিষয়ে তিনি কিছু জানতেন না। পাশাপাশি উসমান খাজার সেই দাবিকে শতভাগ ভুল বলেছিলেন। যেখানে খাজা দাবি করেছিলেন যে বিষয়টি পুরো দলই জানত। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ব্যানক্রফট জানান, পোর্ট এলিজাবেথ ও কেপ টাউনে বল টেম্পারিংয়ের ঘটনায় শুধু তিনজন নয়, পুরো দলই জড়িত ছিল। কামিন্সের মন্তব্যে ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতির কথাও লেখেন তিনি।
ব্যানক্রফটের এই লেখার পর বৃহস্পতিবার ক্রিকইনফোকে দেয়া বিবৃতিতে কামিন্সের এজেন্ট নিল ম্যাক্সওয়েল বলেন, ‘আট বছরে প্যাট তার অবস্থানের কোনো পরিবর্তন আনেননি। প্রথম দিন থেকেই সে তার অবস্থানে অটল ও অবিচল। প্যাট অবশ্যই ক্যামেরনের জন্য সহানুভূতি বোধ করে, সে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাইকে অনুরোধ করব, প্যাট যে সাক্ষাৎকার দিয়েছিল, তার প্রতিলিপিটি যেন তারা আবারও পড়ে দেখেন। এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর সে দেয়নি।’
অজি ব্যাটারের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, ২০১৮ সালের ওই সফরের সঙ্গে যুক্ত যে কেউ ফোরামে তথ্য দিতে পারবেন এবং এতে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। সিইও টড গ্রিনবার্গ বলেন, ‘অধিনায়ককে নতুন করে নির্দোষ প্রমাণের প্রয়োজন নেই। কেউ এমনটা চাইছেনও না। আগের তদন্তটি সম্পন্ন হয়েছিল। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি প্যাট এবং বোলারদের বক্তব্যের মধ্যে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, আর তা হলো তাদের কথার ধারাবাহিকতা। ২০১৮ সালের কেপ টাউন টেস্ট ম্যাচের পরের দিন প্যাট যা বলেছিলেন, কয়েক বছর পর তিনি ঠিক তাই বলেছেন এবং গত সপ্তাহেও তিনি একই কথা পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং, ঘটনার বর্ণনায় তাদের ধারাবাহিকতা অত্যন্ত স্পষ্ট।’






