বাংলাদেশ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাগরের পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের যাত্রা স্থগিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে আপাতত জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবারও জাহাজ চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য যেসব পর্যটক আগাম টিকিট কিনেছেন, আবহাওয়া অনুকূলে এলে তারা একই টিকিট ব্যবহার করে দ্বীপ ভ্রমণে যেতে পারবেন।

এদিকে, আবহাওয়ার কারণে যেসব পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতে চান না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি বলেন, যেসব পর্যটক ভ্রমণে যেতে চাইবেন না, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তর। এর মধ্যে তিনটি জাহাজ গত ৫ নভেম্বর থেকে চলাচল শুরু করে।

বিষয়:পর্যটকবাহী জাহাজ বৈরী আবহাওয়া সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…