এশিয়া কাপের স্টেজ টু’কে সামনে রেখে শুক্রবার সোলেমানিয়া স্পোর্টস কমম্পেক্সে আনুষ্ঠানিক অনুশীলন সেরেছে বাংলাদেশের আর্চাররা। স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে দুই সেশনের অনুশীলন চলেছে বিকেল ৫টা পর্যন্ত।
আগেরদিন এবং শুক্রবার সকালে আবহাওয়া বেশ ভালো থাকলেও এদিন দুপুর থেকেই প্রচণ্ড বাতাস বইতে শুরু করেছ সোলেমানিয়াতে। সেই সাথে পড়েছে ঝিরঝির বৃষ্টিও। মূল টুর্নামেন্টের দিনগুলোতেও এমন বাতাস থাকলে স্কোর বাড়ানো বেশি চ্যালেঞ্জিং হবে বলে শঙ্কিত আর্চাররা।
তবে প্রতিকুল পরিবেশেও অনুশীলনটা বেশ ভালোভাবেই সেরেছে বাংলাদেশের আর্চাররা, এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রশিক্ষক মোহাম্মাদ হাসান। বাতাসে অনুশীলনের এ অভিজ্ঞতা টুর্নামেন্টে বেশ কাজে দেবে বলে জানিয়েছেন তিনি।
‘বাতাসের গতির ভেতর অনুশীলন করে আমরা অভিজ্ঞতা নিলাম, পরের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। খেলোয়াড়রা ভালোভাবেই অনুশীলন করেছে। এখানে কয়েকটা শক্তিশালী দল আছে, যেমন কাজাখস্তান, ইরান। কিন্তু আমরা স্বাভাবিক পারফর্ম্যান্সটা ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ ভাল কিছু হওয়ার সম্ভাবনা আছে।’
এদিকে বাতাসের সাথে যুদ্ধ করে প্রথমদিনের অনুশীলন সেরেছেন বলে জানিয়েছেন রিকার্ভ আর্চার নাসরিন আক্তার। স্টেজ ওয়ানের সাফল্যের ধারাবাহিকতা স্টেজ টুতেও বজায় রাখতে চান বলেও এসময় জানান তিনি।
‘স্টেজ ওয়ানে ভালো করেছি। ইন্ডিভিজুয়াল, টিম, মিক্সড টিম তিনটাতেই গোল্ড পেয়েছি। এখন চেষ্টা করেব স্টেজ টু তেও যেন সেরকম পারফর্ম্যান্স করতে পারি। আজকে অফিশিয়াল প্র্যাক্টিস ছিল। এখানে বাতাস ঝড়ের মত। এইমিং বা গোল ধরে রাখা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা বাতাসের সাথে যুদ্ধ করে অনুশীলন চালিয়ে গেছি।’
অন্যদিকে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখছেন না কমপাউন্ড আর্চার মোহাম্মাদ আশিকুজ্জামান। নিজের সেরাটা দিতে পারলেই জেতা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
‘প্রতিপক্ষ কোনোটাই ছোট না। ভালো খারাপ সব দলই সমান। যে নিজের সেরাটা দিতে পারবে সেই জিতবে। এটা তো ইন্ডিভিজ্যুয়াল গেম। তাই খেলাটা আমাকেই খেলতে হবে।’
শনিবার থেকে শুরু হবে এশিয়া কাপ স্টেজ টুয়ের মূল লড়াই যা চলবে আগামী ১২ মে পর্যন্ত। ১৬ দেশের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন মোট ১২ জন আর্চার।







