পশ্চিম তীরে গোলাগুলি: আহত ৫ ইসরায়েলি, ২ ফিলিস্তিনিকে হত্যা

ছবি: সংগৃহীত।
ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুক হামলায় পাঁচ ইসরায়েলি আহত হয়েছেন। এ ঘটনায় দুই সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারীকে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হেবরন শহরের প্রবেশপথে সামরিক চেকপোস্টে সেনাদের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির দৃশ্য দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, হামলাকারীরা আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।
এদিকে, পশ্চিম তীরে উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও ঘটছে। এর মধ্যে চার দিন পর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেবরন শহরে লকডাউন ঘোষণা করেছেন। একই সঙ্গে তার দল লিকুদ পার্টি সকালের নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করেছে। নির্বাচনী প্রচারে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছেন নেতানিয়াহু।






