ইনিংস ব্যবধানে হেরে নিজেদের দোষই পেলেন অজি অধিনায়ক

কিংসমিডে প্রথম টেস্টে জয় পেলেও স্বস্তি দীর্ঘস্থায়ী হল না অস্ট্রেলিয়ার। সেন্ট জর্জ পার্কে সাউথ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে তারা। ১৯৮৮ সালের পর মাত্র তৃতীয়বার কোন টেস্টে ফলোঅনে পড়ে অজিরা। এমন হারে নিজেদের দোষই পাচ্ছেন অধিনায়ক প্যাট কামিন্স।
সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক আফ্রিকার কাছে ইনিংস ও ৩১ রানের ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটে নেমে ৯ উইকেটে ৪২৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন টেম্বা বাভুমা। জবাবে ৯৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয় কামিন্সের দল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারে অজিরা।
ম্যাচের পর হারের জন্য নিজেদেরই দোষ দেখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বলেছেন, ‘সত্যি বলতে, সব বিভাগ মিলিয়ে আমরা সেরা মানের ধারেকাছেও ছিলাম না। প্রতিযোগিতায় টিকে থাকতে এরচেয়ে অনেক ভালো করতে হবে।’
‘আমাদের সিদ্ধান্তের কিছু ভুল ছিল। সামনের কয়েকদিনে এ নিয়ে কাজ করব। সিরিজে আর এক টেস্ট বাকি, আমাদের এটি জিততেই হবে।’





