কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেলো বাংলাদেশি শিক্ষার্থী আনান মুস্তাফিজ। এবার সে ‘ব্রোঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। তবে গত বছর একই প্রতিযোগিতায় রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছিল।
রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে আনানকে পুরস্কার পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। গত এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় সে ‘দ্য রিদম অব আইডেন্টিটি’ শিরোনামে রচনাটি জমা দিয়েছিল। ইমেইলের সঙ্গে সনদের ডিজিটাল কপিও পাঠানো হয়েছে।
আনানের লেখায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি উঠে এসেছে। গল্পের মাধ্যমে সে জামাইকার এক কিশোরীকে বাংলাদেশের খাবার, ইতিহাস, ঐতিহ্য, সংগীত ও ভাষা আন্দোলনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পাশাপাশি বাংলাদেশের মানুষের মধ্যে জামাইকার কিংবদন্তি সংগীতশিল্পী বব মার্লের জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনান আর্ট নিউজকে জানায়, স্বীকৃতি পেয়ে সে খুশি। কিন্তু গত বছর গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর এবার ব্রোঞ্জ অর্জন করায় কিছুটা হতাশ হয়েছে। তবে আগামী বছর আরও ভালো করার জন্য এই পুরস্কার তাকে অনুপ্রেরণা জোগাবে।
১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুলশিক্ষার্থীদের জন্য প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের ৫৩ হাজার ৮৪০ জন শিক্ষার্থী প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র বিভাগে অংশ নেয়।
এর আগে ২০২৩ সালে স্মার্ট চিলড্রেন কার্নিভালের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল আনান। ‘টক উইথ আনান’ নামে দেশি-বিদেশি তারকাদের নিয়ে একটি টক শো উপস্থাপনার পাশাপাশি নিয়মিত গল্পও লেখে সে।
উল্লেখ্য, আনান মুস্তাফিজের বাবা রহমান মুস্তাফিজ একজন সিনিয়র সাংবাদিক। মা কাজী তামান্না আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক, একই সাথে তিনি সিনিয়র সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পী।






