সংসদে ও বাইরে বিরোধী দলের কথা শুনছে-মূল্যায়ন করছে সরকার: মীর শাহে আলম

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, বাকস্বাধীনতা সবার অধিকার। তবে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা প্রয়োজন।
বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের নিয়ে অসম্মানজনক ও অশালীন ভাষায় কথা বলছেন উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের বক্তব্য অব্যাহত থাকলে জনগণ তা ভালোভাবে নেবে না। জনগণ বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই ক্ষেত্রে সরকারকে কাজ করার জন্য সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করা হচ্ছে।
তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে বিপুল অর্থ ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করে জনগণের ভোটে নির্বাচিত হওয়াই দলটির লক্ষ্য। এসময় ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের কল্যাণে রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের যেসব বক্তব্য ও দাবি রয়েছে, সেগুলো সংসদে উত্থাপন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ জনগোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা বিএনপির নেই।






