বিনোদন

কানাডায় স্টেজ শোতে যে ঘটনায় বিস্মিত জায়েদ!

কানাডায় স্টেজ শোতে জায়েদের বিস্ময়কর ঘটনা, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় স্টেজ শোতে জায়েদের বিস্ময়কর ঘটনা, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পৃথিবীময় চষে বেড়াচ্ছেন জায়েদ খান। চলতি বছরের সাতমাসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাজ্য, মালয়েশিয়া মাতিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে থেকে কানাডার ক্যালগারিতে গিয়ে সেখানেও মাতাচ্ছেন জায়েদ খান।

স্থানীয় সময় গতরাতে হাজারও প্রবাসী জায়েদের পারফর্ম উপভোগ করেন। ফেসবুকে সেই শো-এর কিছু ভিডিও ফুটেজে দেখা যায় জায়েদ সেখানেও নেচে মঞ্চ মাতিয়েছেন।

জায়েদের সঙ্গে আলাপ করলে তিনি জানান, পারফর্মের মধ্যে জায়েদ দেখেন কানাডা প্রবাসী এক নারী তার ছবি দিয়ে টি-শার্ট পরে দৌড়ে স্টেজে আসেন।

এই প্রথম কানাডা পারফর্ম করতে গেছেন জায়েদ খান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এই প্রথম এখানে পারফর্ম করতে এসেছি। এখানাকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা স্ব-শরীরে না এলে বুঝতাম না। একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।

”অনেকে আমাকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টিশার্ট ব্যাগ উপহার নিয়ে এসেছে। যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।”

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ছিলেন জায়েদ। সেখানে একটি অ্যাওয়ার্ড শো-তে অংশ নেন। পরে নিউ জার্সির একটি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে চলমান কোপা আমেরিকার কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন।

তখন জায়েদ বলেন, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগেরে নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

জায়েদ আরও জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, লস এঞ্জেলসে তার আরও কয়েকটি শো হওয়ার কথা আছে। পাশাপাশি কানাডার আরও কয়েকটি স্টেটে জমজমাট শো হওয়ার কথা জানান জায়েদ। সবশেষে চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন।

বিষয়:কানাডা জায়েদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…