সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিকেলে শহরের নূর মসজিদ মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
মিছিলে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. সুমন পাইক, জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুজ্জামান মাসুস ও মনিরুজ্জামান মান্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দীপ ও ওমর আলী মুন্নাসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সারাদেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে যুবদলের নেতা-কর্মীরা সজাগ রয়েছেন। একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।






