খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি

ছবি: সংগৃহীত
খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন যুবদলের সাবেক নেতা অহিদুল ইসলাম বাদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ছয়টার দিকে জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। তিনি বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। বাদল জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।
ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি,ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





