চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি

সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে জড়িয়েছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা। দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, কেউ আহত হননি।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আয়োজন শুরু হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে আসে শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় সেখানে অবস্থান করা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করতে দেখা যায়।
শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব দাবি করেন, এ ঘটনায় সংগঠনটির দুই কর্মী আহত হয়েছেন। তাদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ করতে এসেছেন। এ সময় মিছিল নিয়ে এসে শিবিরের নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি ও আঘাত করেন। পরিস্থিতি বিবেচনায় তারা সেখান থেকে সরে যান। উৎসবটি সুন্দরভাবে শেষ হোক, সেটিই তারা চান।
অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ছাত্রদলের সভাপতি তাকে জানিয়েছিলেন, মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। তিনি তাদের আশ্বস্ত করেছেন, শিবিরের নেতা-কর্মীরা কেউ অনুষ্ঠানের ভেতরে ঢুকবেন না। শান্তিপূর্ণ ক্যাম্পাসের পরিবেশ বজায় রাখার পাশাপাশি ছাত্রসংগঠন হিসেবে তাদের কর্মসূচি পালনের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশের সময় ছাত্রদলের নেতাদের সঙ্গে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে কেউ আহত হননি। প্রক্টরিয়াল বডি মধ্যস্থতা করার পর দুই পক্ষই সেখান থেকে চলে যায়।
এদিকে হীরকজয়ন্তীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, গবেষণা, কৃষি, সমুদ্র, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর বিষয়েও ভাবতে হবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসি অনুমোদন হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনাও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।





