ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, হুথিদের ১২১ যোদ্ধা হতাহত

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। এছাড়া হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। তিনি জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের আওতায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন প্রদেশে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, হামলাগুলোর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা ছিল। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের সামরিক অবস্থান এবং নতুন করে মোতায়েন করা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে সরকারি বাহিনী।
দেশটিতে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হুথিরাও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ হামলা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।






