ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১১

ছবি: সংগৃহীত
ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী তায়েজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এর আগে গতকাল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জাজানে একটি তেল পরিশোধনাগারে হামলা চালায়। এতে সেখানে কর্মরত এক বিদেশি নাগরিক নিহত হন। ওই ঘটনার পরই ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরব।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার খবর উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে শুক্রবার পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরবের রিয়াদ অঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ভয়াবহ মানবিক সংকটে ইয়েমেন
২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর চলতি বছরের জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে সংঘাতে ১৩ হাজার ৩৪৩ জন হতাহত হয়েছেন। ক্রমেই গভীর মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশটি।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার জানিয়েছে, সংঘাতকবলিত যেসব অঞ্চল তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে রয়েছে, ইয়েমেন সেগুলোর অন্যতম।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) চলতি সপ্তাহে সতর্ক করে জানিয়েছে, নতুন করে শুরু হওয়া সংঘাতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে তীব্র অর্থসংকটে থাকা মানবিক সহায়তা কার্যক্রমের ওপর বাড়ছে চাপ।
সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিভিন্ন দেশের সহায়তা উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরে ইয়েমেনে জরুরি আশ্রয় সহায়তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থের মাত্র ১২ শতাংশ পেয়েছে সংস্থাটি।
এনআরসির মহাসচিব ইয়ান এগল্যান্ড বলেন, নতুন করে শুরু হওয়া সংঘাতে বিভিন্ন এলাকার বাসিন্দারা বাস্তুচ্যুত হচ্ছেন। সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। এর ফলে ইয়েমেনজুড়ে পরিবারগুলো আরও গভীর সংকটে পড়ছে।
তিনি বলেন, ইয়েমেনে ব্যাপক মানবিক বিপর্যয়ের জন্য সংঘাতে জড়িত সব পক্ষই দায়ী।
মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ বৃদ্ধি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতে জড়িত সশস্ত্র পক্ষগুলোকে সমর্থন দেওয়া প্রভাবশালী দেশগুলোকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।





