ক্রিকেট

এলিন-মিঠুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী

এনসিএল ক্রিকেট লিগ

এলিন-মিঠুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শুরুর দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে দলগুলো। বরিশালের বিপক্ষে ব্যাট হাতে প্রথম দিনে আলো ছড়ান খুলনা বিভাগ কালাম সিদ্দকী এলিন ও মোহাম্মদ মিঠুন। তাদের ব্যাটে ভর করে দিনশেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩২৮ রান। অন্যম্যাচে চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী বিভাগও ভালো ব্যাট করেছে। হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেনের ব্যাটে দলটির সংগ্রহ ২৯০ রান। 

কিছুটা দেখেশুনে ব্যাট করেছে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। সিলেটের বিপক্ষে প্রথম দিনে মাহফিজুল ইসলাম ও আবু হায়দার রনির ব্যাটে ভর করে ময়মনসিংহ ৭ উইকেটে ২৭৩ রান করেছে। দিনের চতুর্থ ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে অনিক সরকার সেতু ও মিম মোসাদ্দেকের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ২২৯ রান করেছে রংপুর।

খুলনার বড় সংগ্রহে মূল অবদান কালাম সিদ্দিকি এলিন ও মোহম্মদ মিঠুনের। এলিন ৯২ রান এবং মিঠুন ৮৯ রান করে আউট হন। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের কাছে গিয়েও সেটি ছুঁতে পারেননি এ দুই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে ৩২৮ রানের শক্ত অবস্থানে পৌঁছায় খুলনা। নুরুল হাসান সোহান ৪৭ রান করে আউট হলেও ৪৪ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন ধ্রুব। বরিশালের রুয়েল মিয়া সর্বোচ্চ ৩টি উইকেট নেন, একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও ইফতিখার হোসেন ইফতি।

রাজশাহীর বড় সংগ্রহে পথে ভালো করেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। সোহান ৭৫ ও সাব্বির ৭১ রান করেন। ৪৫ রান করেন নাঈম আহমেদ, ৩৫ রান আসে সাব্বির রহমান রুম্মনের থেকে। চট্টগ্রামের হাসান মুরাদ ও এনামুল হক আশিক ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন আশরাফুল হাসান রোহন।

ময়মনসিংহের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন মাহফিজুল ইসলাম। ৪৬ রান করেন আব্দুল মজিদ। রনি ৪৬ রানে অপরাজিত আছেন, দ্বিতীয় দিন মাঠে নামবেন। সিলেটের স্পিনার নাঈম আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন নাবিল সামাদ।

রংপুরের সংগ্রহে দুটি ফিফটির ইনিংস এসেছে অনিক সরকার সেতু ও মিম মোসাদ্দেকের থেকে। সেতু ৫০ করে আউট হওয়ার পর মোসাদ্দেক ৬৩ রানে আউট হন। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৮ রান করে রংপুরের সংগ্রহে অবদান রাখেন। এনামুল হক সর্বোচ্চ ২টি উইকেট নেন।

বিষয়:এনসিএল এলিন খুলনা বাংলাদেশ বিসিবি মিথুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…