অপরাধ

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, রাজশাহী থেকে যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, রাজশাহী থেকে যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিকী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ভয়ংকর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজশাহী থেকে আটকের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

গত ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাস নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি যুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ফেসবুকে করা ওই মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক ও অপরাধমূলক। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:আটক আবু বক্কর সিদ্দিকী ডিএমপি পুলিশ রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…