আরেকটি বিশ্বকাপ, আবারও ‘সোনার হরিণ’ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

২০২৭ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচের জন্য ৮৪ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। ভেন্যুর দর্শক ধারণক্ষমতা মাত্র ৩৪ হাজার। সোমবার আইসিসির ইভেন্ট ও অপারেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এ তথ্য জানিয়েছেন।
আগামী বছর ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান। টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করবে আফ্রিকার তিন দেশ জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, ও নামিবিয়া। একই ভেনুতে ২১ নভেম্বর ফাইনাল হবে। ফইনালের জন্য ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে।
দুদলের শেষ ৯ ম্যাচের প্রতিটি জিতেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ভারতের সবশেষ পরাজয় ২০২২ সালের এশিয়া কাপে।
আসছে আসরে ২০২৭ সালের ৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। ভারত-পাকিস্তানের সাথে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। অন্য গ্রুপে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং আরেকটি বাছাইপর্ব পেরিয়ে আসা দল খেলবে।
১৯৩টি দেশ থেকে ২৮ লাখ ক্রিকেটপ্রেমী বিশ্বকাপে উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে আয়োজন বসবে। বিভিন্ন ম্যাচের জন্য ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, নামিবিয়ায় উইন্ডহোক ক্রিকেট গ্রাউন্ডে ৬ ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৮ অক্টোবর হতে চলা বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের জন্য ৯ লাখ আবেদন জমা পড়েছে।
সাউথ আফ্রিকার ম্যাচগুলোর জন্য ২ কোটি ৬০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। জিম্বাবুয়েতে টিকিটের অনুরোধের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এরমধ্যে ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হতে চলা জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য টিকিটের অনুরোধ এসেছে ৩৩ লাখেরও বেশি।






