চঞ্চল-তুষি-সিয়ামকে নিয়ে ঈদে ‘প্রিয় মালতী’ নির্মাতার সিনেমা

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। এরপর ‘প্রেশার কুকার’ সিনেমায়ও এই দুই অভিনয়শিল্পীকে ঘিরে তৈরি হয়েছে দর্শকের আগ্রহ। এর মধ্যে ‘আন্ধার’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তারা।
এবার নতুন আরেকটি সিনেমায় জুটি হয়ে আসতে চলেছেন দুই তারকা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ‘প্রিয় মালতী’ খ্যাত নির্মাতা শঙ্খ দাশগুপ্ত নির্মাণ করতে যাচ্ছেন ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি।
এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়ামকে। চমক জাগানিয়া খবরটি জানিয়েছে সিনেমা সংশ্লিষ্ট সূত্র।
আরও জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটির কাজ।
ছবিতে থাকবেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহও। এছাড়া আরও কয়েকজন তারকার যুক্ত হওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় উপস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
অন্যদিকে নাজিফা তুষি বলেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’





