সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের

নিহত শ্রমিক মো. রানার।
ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কথাকাটাকাটি থেকে শুরু হাতাহাতি, একপর্যায়ে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ হারান ২২ বছর বয়সী শ্রমিক মো. রানা।
বুধবার ১১ নভেম্বর সন্ধ্যায় ময়মনসিংহ নগরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহকর্মী মুখলেস (২২) ও রানার মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উত্তেজিত হয়ে মুখলেস (২২) রানাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় রানা।
আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।।
নিহত রানা ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি নগরের চর কালিবাড়ি এলাকায় টোলপ্লাজা সংলগ্ন একটি বোতলের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত মুখলেস (২২) একই কারখানার শ্রমিক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান। পাশাপাশি, অভিযুক্ত মুখলেসকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।






