ফুটবল

ফারিহার স্বপ্নযাত্রায় বড় ভরসা হয়ে এলো মহিলা ক্রীড়া সংস্থা

ফারিহার স্বপ্নযাত্রায় বড় ভরসা হয়ে এলো মহিলা ক্রীড়া সংস্থা

প্রতিকূলতা ও দারিদ্র্যতাকে জয় করে ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬’-এর সেরা ফুটবলার হন জান্নাতুল ফেরদৌস ফারিহা। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও নিজের প্রতিভার জানান দিয়ে গেছেন ফারিহা। প্রতিভাবান এ খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। 

মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফারিহার প্রতিভা বিকাশ ও ফুটবল খেলা চলিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। শুধু পাঁচ হাজার টাকা নয় পাশাপাশি ফুটবল খেলার সরঞ্জাম, জার্সি, বুট ও ট্রাকস্যুট ইত্যাদি। উন্নত চিকিৎসা সেবাসহ যাবতীয় ব্যয় বহন করবে তারা। তার প্রতিভাকে যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দিনমজুর মা এবং বাক্‌প্রতিবন্ধী বাবার সন্তান ফারিহা। এই সকল প্রতিকূলতার মধ্যেও নিজের অসাধারণ ফুটবল শৈলীতে নজর কেড়েছে তিনি। সংস্থার এই সহযোগিতায় উচ্ছ্বসিত ফারিহা। তার বিশ্বাস, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পাওয়ায় ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে সে। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় এই ক্ষুদে ফুটবলার।

সংস্থাটির প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা ও পরিচর্যা পেলে ফারিহা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিষয়:জান্নাতুল ফেরদৌস ফারিহা নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬ মহিলা ক্রীড়া সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…