অর্থনীতি

টিকটক মালিককে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

টিকটক মালিককে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

ছবি: সংগৃহীত

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ এক দিনেই বেড়েছে ৮৫০ কোটি ডলার। তার প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ায় সম্পদের এই উল্লম্ফন হয়েছে। এতে বাইটড্যান্সের (টিকটক) সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিংকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থান ফিরে পেয়েছেন আম্বানি।

সোমবার (২ নভেম্বর) ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছয় বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। এর আগে আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মসের শেয়ারবাজারে রেকর্ড অভিষেকও তার সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, সোমবার আম্বানির সম্পদ ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮০ কোটি ডলারে। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ঝাং ইমিংয়ের সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার।

আম্বানির সম্পদ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর বৃদ্ধি। সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ১১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৯ রুপিতে দাঁড়ায়। এতে এক দিনেই কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলারের বেশি।

রিলায়েন্সের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় শেয়ারের দামে এই উল্লম্ফন হয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি ২৫ হাজার ৫৫০ কোটি রুপি বা প্রায় ২৭০ কোটি ডলার আয় করেছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, আয় হতে পারে ২১ হাজার ৩৬৭ কোটি রুপি বা প্রায় ২৩৩ কোটি ডলার। বিশেষ করে তেল থেকে রাসায়নিক পণ্য উৎপাদনের ব্যবসায় ভালো ফল এবং টেলিযোগাযোগ খাতের মুনাফা বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।

রিলায়েন্সের শেয়ারের এই উত্থানের আগে গত ২৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মস। ভারতের ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩২০ কোটি ডলার সংগ্রহ করছে। আইপিওতে জিও প্ল্যাটফর্মসের মূল্যায়ন করা হয়েছিল প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলার। তালিকাভুক্তির প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২৭ শতাংশ।

মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা ধীরুভাই আম্বানি ১৯৫৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বাজারমূল্যের দিক থেকে রিলায়েন্স এখন ভারতের সবচেয়ে বড় কোম্পানি। তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, খুচরা বিক্রি, গণমাধ্যম ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির। এর বাজারমূল্য প্রায় ১৮ হাজার ৬০০ কোটি ডলার।

২০২৬ সালে ফোর্বসের বিশ্বের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানির তালিকা ‘গ্লোবাল ২০০০’-এ ৫৫তম অবস্থানে ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ওই সময়ে প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রি ছিল ১১ হাজার ৯৭০ কোটি ডলার এবং মোট সম্পদের পরিমাণ ২২ হাজার ৯৬০ কোটি ডলার। একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৯১০ কোটি ডলার।

বিষয়:৮৫০ কোটি ডলার এশিয় মুকেশ আম্বানি শীর্ষ ধনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…