লিটনকে নিয়ে ‘শতভাগ রিপোর্ট’ না পেলেও আশাবাদী শান্ত
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজ এটি। সিরিজ জিততে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চান। দলের ফর্মে থাকা ভরসার ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস চোট সেরে উঠছেন। তাতে আনেকটা স্বস্তি দেখছেন শান্ত।
বুধবার সকাল ১০টায় মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে সিরিজের গুরুত্ব আরও বাড়ছে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। দলের সেরা ব্যাটারকে নিয়ে আশার কথা বলেছেন অধিনায়ক।
‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে, এপর্যন্ত ভালো আছে। কিন্তু ফিজিও এবং ট্রেনার সেভাবে রিপোর্ট দেননি, ভালো কিছু হবে। আশা করছি যদি সব ঠিকঠাক থাকে, তাহলে খেলবে। এখন পর্যন্ত শতভাগ রিপোর্টটা পাইনি। যদিও অনুশীলনে ব্যাটিং-ফিল্ডিং সবকিছু করেছে লিটন।’
দলের প্রস্তুতি নিয়ে শান্ত বলেছেন, ‘আমার কাছে মনে হয়, শেষ কয়েক বছরে কীভাবে ক্রিকেট খেলছি এবং প্রত্যেক সেশনে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এই লক্ষ্য নিয়ে ক্রিকেট খেলছি। যখন আমরা মিটিং করে অনুশীলনের প্রস্তুতি নেই, আমাদের এধরনের আলোচনা হয়। আমরা খুব বেশিদূরে চিন্তা করছি না। এভাবেই এই দলটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা। দিন শেষে যদি একটা টেস্ট ম্যাচে ভালো ফল নিয়ে আসতে পারি, আমাদের জন্য ভালো হবে। ভবিষ্যতের জন্য অত লম্বা চিন্তা না করে ছোট ছোট চিন্তা করে আমরা আগাচ্ছি।’





