ডেটিং অ্যাপে প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত, ৬১ বছর বয়স জানতেই বদলে গেল সব!

ছবি: সংগৃহীত
ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বিয়ের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কানাডা থেকে ভারতের রাজস্থানে এসেছিলেন এক নারী। কিন্তু সামনাসামনি দেখা হওয়ার পর ওই নারীর বয়স ৬১ বছর জানতে পেরে বিয়েতে অস্বীকৃতি জানান পাত্র। এ নিয়ে বিরোধের জেরে শেষ পর্যন্ত কানাডার দূতাবাসের দ্বারস্থ হন নারী। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানা এলাকায়। পুলিশ জানায়, প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে কানাডার ওই নারীর সঙ্গে পরিচয় হয় হরিয়ানার পানিপথের বাসিন্দা নিতিনের। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ের পরিকল্পনা অনুযায়ী, পর্যটক ভিসায় ভারতে আসেন ওই নারী। গত ১১ নভেম্বর দিল্লিতে পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানান নিতিন। পরে তাকে রাজস্থানের নিমরানায় নিয়ে যান। সেখানে নিতিনের চাচা ও চাচির একটি ফ্ল্যাটে ওঠেন তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই আবাসিক এলাকায় নিতিনের সঙ্গে দুই দিন অবস্থান করেন কানাডার নারী। এ সময় বিয়ের বিষয়েও আলোচনা এগোচ্ছিল। তবে ওই নারীর বয়স প্রায় ৬১ বছর জানার পর পরিস্থিতি পাল্টে যায়। নিতিন বিয়ে করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, বিরোধের পর গত ১৩ নভেম্বর কানাডার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা জানান ওই নারী। দূতাবাসের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নিতিনকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে কানাডার ওই নারীকে কোটপুতলির কোর সেন্টারে রাখা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হরিয়ানার পানিপথের বাসিন্দা নিতিন একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।






