প্রকাশ্যে সড়কে ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিককে হত্যা

The entrance of Ashulia Women and Children Hospital in Bangladesh with signage in Bengali and English. Channel i News – চ্যানেল আই নিউজ
আশুলিয়ায় প্রকাশ্যে সড়কে ছুরিকাঘাতে কুইন্স খাতুন নামে একজন নারী পোশাক শ্রমিক হত্যার শিকার হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে সাবেক স্বামী তাকে কুপিয়ে হত্যা করেছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার ৩৯ বছর বয়সী কুইন্স খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কুইন্স খাতুন এনভয় নামে কারখানার পোশাক শ্রমিক ছিলেন।
নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, “কুইন্সের সাথে আজাদ নামে এক ব্যক্তির বিয়ে হয়। তার গ্রামের বাড়িও নওগাঁয়। আজাদ নেশাখোর মানুষ। পারিবারিক কলহের জের ধরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এর পর থেকে সে বিভিন্ন ভাবে আমার ভাগ্নিকে পথে-ঘাটে বিরক্ত করে আসছিল।”
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই নোমান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন কুইন্স নামে এক পোশাক শ্রমিক। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।






