আন্তর্জাতিক

ট্রাম্পের পর কে ধরবেন রিপাবলিকানদের হাল, উত্তরসূরি নিয়ে রহস্য রাখলেন প্রেসিডেন্ট

ট্রাম্পের পর কে ধরবেন রিপাবলিকানদের হাল, উত্তরসূরি নিয়ে রহস্য রাখলেন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত।

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে কাকে সমর্থন করবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের রাজনৈতিক উত্তরসূরি নির্বাচনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কোনো রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, সমর্থন করার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি কোনো প্রার্থীকে সমর্থন না-ও করতে পারেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাক্ষাৎকারে রুবিওর প্রশংসা করেন ট্রাম্প। তার মতে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিও ভালো কাজ করছেন। একই সঙ্গে রিপাবলিকান পার্টিতে আরও কয়েকজন দক্ষ ও সম্ভাবনাময় নেতা রয়েছেন বলেও জানান তিনি।

তবে কারও নাম নির্দিষ্ট করে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করতে চাননি ট্রাম্প।

নিজের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা মাগা তার অনুপস্থিতিতেও টিকে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক উত্তর দেন।

তার মতে, মাগা আন্দোলনের ভিত্তি সীমান্ত নিরাপত্তা, শক্তিশালী সামরিক বাহিনী এবং অর্থনৈতিক সমৃদ্ধির মতো নীতিগত অবস্থান। ফলে এই আন্দোলন কোনো একজন ব্যক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল নয়।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা নতুন গুরুত্ব পেয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের উত্তরসূরি নির্বাচন এবং তার রাজনৈতিক সমর্থন ২০২৮ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…