অপরাধ

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাদের অবস্থান কর্মসূচি। এতে সেতুর উভয় পাশে আটকা পড়ে যানবাহন।

ভিডিওতে অবরোধকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। বিভিন্ন ফেসবুক আইডি থেকে কর্মসূচিটি সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা গেছে। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি। ফলে অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়:আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর পদ্মা সেতু শরীয়তপুর-১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…