কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যে জিতবে, ক্ষমতা তারই: ট্রাম্প

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতাকে ভবিষ্যৎ বিশ্বে ক্ষমতা ও প্রভাব বিস্তারের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই প্রযুক্তিগত প্রতিযোগিতায় যে দেশ এগিয়ে থাকবে, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যেও তার প্রভাব পড়বে।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার সঙ্গে সাম্প্রতিক বৈঠকেও প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়টি উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা অতিবুদ্ধিমত্তা হিসেবে উল্লেখ করেন। তার মতে, ভবিষ্যতের প্রযুক্তিগত সক্ষমতা নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎকারে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কিছু বিশেষজ্ঞের আশঙ্কা, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে মানবজাতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
তবে ট্রাম্প এসব আশঙ্কাকে তুলনামূলকভাবে অতিরঞ্জিত মনে করেন। তার বক্তব্য, এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রযুক্তিগত অগ্রযাত্রায় পিছিয়ে পড়ে, তাহলে চীন সেই সুযোগ গ্রহণ করবে। আর সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত অসুবিধা তৈরি করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা রাখার বিরোধী নন বলেও জানান ট্রাম্প। তবে অতিরিক্ত বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্র যেন প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে নেমে না যায়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
এআই প্রযুক্তি নিয়ে ট্রাম্পের এই অবস্থান থেকে স্পষ্ট, তাঁর প্রশাসন প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে।





