রিপাবলিকানদের ভরাডুবির কারণ ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি: ট্রাম্প

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে নিজের নাম ব্যালটে না থাকাকেও পরাজয়ের একটি প্রধান কারণ বলে মনে করেন তিনি।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার অবস্থান তুলে ধরেন। গত রোববার (৮ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
ট্রাম্প বলেন, মার্কিন জনগণ ইরান যুদ্ধ পছন্দ করেনি। যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়ে যাওয়াও তাদের অসন্তোষ বাড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে, যার রাজনৈতিক প্রভাব পড়েছে নির্বাচনে।
তবে নির্বাচনে নিজের জনপ্রিয়তা কমেছে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, তিনি নিজে প্রার্থী হলে ফলাফল ভিন্ন হতে পারত। নির্বাচনী প্রচারে ব্যাপক জনসমাগম হলেও সেই সমর্থন রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোটে রূপান্তরিত হয়নি।
ট্রাম্প স্বীকার করেন, কিছু রিপাবলিকান প্রার্থী ভোটারদের কাছে জনপ্রিয় ছিলেন না। তার ধারণা, অনেক সমর্থক ভোট দিতেও যাননি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকটি ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্যেও দলটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।
নির্বাচনের ফলাফল নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মূল্যায়নের সঙ্গেও অনেকাংশে একমত ট্রাম্প। ভ্যান্স ইরান যুদ্ধকে পরাজয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তবে যুদ্ধের সিদ্ধান্ত ভুল ছিল, এমনটা মানতে নারাজ ট্রাম্প। তার বক্তব্য, নির্বাচনে সাময়িক রাজনৈতিক ক্ষতি হলেও ইরানের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।






