আন্তর্জাতিক

অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অতিরিক্ত কঠোর হয়েছে, স্বীকার করলেন ট্রাম্প

অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অতিরিক্ত কঠোর হয়েছে, স্বীকার করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজের প্রশাসনের কঠোর অভিবাসননীতির কিছু দিক নিয়ে নতুন করে মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের অভিযান কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত কঠোর হয়ে পড়েছে।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসননীতি তার দলকে রাজনৈতিকভাবে যেমন সাহায্য করেছে, তেমনি ক্ষতিও করেছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, অপরাধীদের বহিষ্কার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে সরকার ভালো কাজ করেছে।

তবে একই সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এবং নিয়মিত কাজ করা অনেক অভিবাসীকে বহিষ্কারের বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, হোটেল, রেস্তোরাঁ, পরিচ্ছন্নতা কিংবা বাগান পরিচর্যার মতো কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের অপরাধ কেবল বৈধ কাগজপত্র ছাড়া দেশে প্রবেশ করা।

এ ধরনের অভিবাসীদের সবাইকে বহিষ্কার করার নীতি নিয়ে মার্কিন সমাজে মতভিন্নতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তিনি আগ্রহী। বিশেষ করে যারা ১০ থেকে ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন, তাদের জন্য একটি গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরির সম্ভাবনার কথা বলেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে অভিবাসননীতি রিপাবলিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক ইস্যু হয়ে ওঠে। সিবিএস নিউজের বুথফেরত জরিপেও অভিবাসীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নিয়ে ভোটারদের অসন্তোষের চিত্র উঠে এসেছে।

তবে ট্রাম্পের এই বক্তব্য প্রশাসনের অভিবাসননীতিতে কতটা বাস্তব পরিবর্তন আনবে, তা এখনো স্পষ্ট নয়।

বিষয়:অভিযান কঠোর অভিবাসননীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…