আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে ডানা হোয়াইটকে ট্রাম্পের প্রস্তাব

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে ডানা হোয়াইটকে ট্রাম্পের প্রস্তাব

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী ডানা হোয়াইটকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ প্রস্তাব নিয়ে আলোচনা করতে আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ডানা হোয়াইট।

শনিবার (৭ নভেম্বর) লন্ডনে একটি বক্সিং প্রতিযোগিতা শেষে সংবাদ সম্মেলনে ডানা হোয়াইট এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতেই সোমবার হোয়াইট হাউসে যাবেন তিনি।

এর আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ডানা এমন একজন প্রেস সেক্রেটারি হবেন, যার মতো আর কেউ নেই। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন।’

এ সময় ডানা হোয়াইটের সঙ্গে কয়েকজন সহকারীকে নিয়ে আসার অনুরোধও জানান ট্রাম্প। তাদের কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে ছয়জন বর্তমান ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়নের ছবি প্রকাশ করেন ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার দাগেস্তান অঞ্চলের ইসলাম মাখাচেভ ও খাবিব নুরমাগোমেদভ, যুক্তরাষ্ট্রের জাস্টিন গেইথজে, ড্যানিয়েল করমিয়ের ও কায়লা হ্যারিসন এবং ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমান্ডা নুনেস। কায়লা হ্যারিসনের নাম উল্লেখ করতে গিয়ে ট্রাম্পের পোস্টে ভুলবশত ‘কায়লা হ্যারিস’ লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসব যোদ্ধাকে সঙ্গে নিয়ে আসার কথা উল্লেখ করে ট্রাম্প লেখেন, উন্মাদ বামপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে তাদের প্রয়োজন।

গত মাসে মাত্র পাঁচ দিন দায়িত্ব পালনের পর কেটি জাকারিয়ার মেয়াদ শেষ হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য হয়। তিনি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন। লেভিট গত আগস্টের শেষ দিকে পদত্যাগ করেন।

২০০০-এর দশকের শুরুর দিকে ট্রাম্প ও ডানা হোয়াইটের মধ্যে পেশাগত যোগাযোগ তৈরি হয়। তবে ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর তাঁদের ঘনিষ্ঠতা আরও বাড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প বেশ কয়েকটি ইউএফসি প্রতিযোগিতা উপভোগ করেছেন। গত জুনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে হোয়াইট হাউসেও ইউএফসির একটি লড়াইয়ের আয়োজন করা হয়।

হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগেও ইউএফসির সাবেক এক কর্মী রয়েছেন। যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডানা হোয়াইটের প্রতিষ্ঠানে কাজ করেছেন।

ট্রাম্পের প্রস্তাবসংক্রান্ত পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে তিনি লেখেন, ‘দারুণ! ডানা হোয়াইট, দায়িত্বটি নিন! পুরোনো দিনের মতোই হবে!’

বিষয়:ইউএফসি ডানা হোয়াইট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…