‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আল জাজিরা জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত পরাজিত। আপাতত সংঘাতের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত না করে বর্তমান অবস্থান ধরে রাখতে চায় ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ আঞ্চলিক দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তবে এই অবস্থানের মধ্যেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক উঠে আসে। ট্রাম্প আরও জানান, এই মুহূর্তে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতি বদলে গেলে আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী।
এদিকে, ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত নয় তেহরান। ইরানি কর্মকর্তারা আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া বক্তব্যকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহী হলেও কোনো ধরনের চাপের কাছে আত্মসমর্পণ করবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এরপর থেকে হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। ট্রাম্প যুদ্ধ কার্যত শেষ হওয়ার দাবি করলেও সংঘাতের স্থায়ী অবসানে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।





