৪ ম্যাচের নিষেধাজ্ঞা ভিনিসিয়াসের, খেলতে পারবেন না এল ক্ল্যাসিকো

লা লিগায় নতুন সমস্যার মুখোমুখি রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের শাস্তির কারণে ক্লাবটি গুরুত্বপূর্ণ ম্যাচে সংকটে। লিগে ভিয়ারিয়ালের এক খেলোয়াড়ের চুল টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখে কড়া প্রতিবাদ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তাতে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ২৬ বর্ষী ফরোয়ার্ড। আসন্ন এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে লস ব্লাঙ্কোসদের জন্য বড় ধাক্কা। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় কড়া প্রতিবাদ করেছিলেন। তাতে প্রতিযোগিতা কমিটি ভিনিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করল। ২৫ অক্টোবর ন্যু ক্যাম্পে লা লিগার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বুধবার রাতে স্প্যানিশ লিগের কমিটিতে শৃঙ্খলাজনিত সিদ্ধান্তটি আসে, যেখানে ভিনিসিয়াসের শাস্তি নিশ্চিত করা হয়। রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ভিয়ারিয়াল ডিফেন্ডার সালিবার চুল ধরে টানার কারণে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল।
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য, প্রতিযোগিতা কমিটি এই শাস্তিকে দুটি ভাগে ভাগ করেছে। খেলার বাইরের মুহূর্তে (যখন কোন খেলোয়াড় বল দখলের লড়াইয়ে থাকেন না) সহিংস আচরণের জন্য দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আরও দুই ম্যাচ শাস্তি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাল কার্ড পাওয়ার পরেও ভিনি উচ্চস্বরে প্রতিবাদ চালিয়ে যান এবং রেফারির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। সতীর্থদের হস্তক্ষেপ করে তাকে সরিয়ে নিতে হয়। তবে তিনি ঠিক কী শব্দ ব্যবহার করেছিলেন, তা রেফারি শনাক্ত করতে পারেননি।
রেফারি ইসদ্রো দিয়াজ দে মেরা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ভিনিসিয়াসকে বহিষ্কার করা হয়েছিল কারণ খেলা চলাকালীন প্রতিপক্ষের চুল ধরে টেনেছিলেন, তখন তাদের মধ্যে বল দখলের কোন লড়াই ছিল না। ভিনি বার্সেলোনা ছাড়াও লা লিগায় সেভিয়া, রেসিং এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।
রিয়াল মাদ্রিদ নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর আশায় আপিলের পরিকল্পনা করছে, যদিও শাস্তি পুরোপুরি বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই। ভিয়ারিয়ালের বিপক্ষে ইব্রাহিমা কোনাতে যে হলুদ কার্ডটি পেয়েছিলেন, সেটির বিরুদ্ধেও চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। আর একটি কার্ড পেলে নিষেধাজ্ঞার কবলে পড়বেন। সেভিয়ার বিপক্ষে আরেকটি কার্ড দেখলে তিনিও এল ক্ল্যাসিকো মিস করবেন।






