বিনোদন

এক সাক্ষাতেই মন জয়!

এক সাক্ষাতেই মন জয়!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের সাথে সাক্ষাৎ করেছেন জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার আসন্ন সিনেমা ‘রানাবলি’ মুক্তির আগেই চেন্নাইয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ করার অভিজ্ঞতা জানিয়ে বিজয় জানান, থালাপতি বিজয় ইতিমধ্যেই তাদের প্রিয় হয়ে উঠেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা লেখেন, প্রিয় থালাপতি বিজয় স্যারের সাথে দারুণ সময় কাটিয়েছি। দীর্ঘ কর্মব্যস্ত দিনের পরেও অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি আমাদের সাথে দেখা করেছেন। তার কাছে জীবন, কাজ ও পৃথিবী নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির কথা শুনেছি।

তিনি আরও লেখেন, একবার দেখা করেই স্যার আমাদের প্রিয় হয়ে উঠেছেন। পরবর্তী সাক্ষাৎ পর্যন্ত তার প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা।

অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিজয় দেবেরাকোন্ডার পরনে কালো প্যান্টের সাথে আনুষ্ঠানিক পোশাক, রাশমিকা মান্দানা পরেছিলেন গাঢ় নীল রঙের ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি। অন্যদিকে, থালাপতি বিজয়ের পরনে ছিল গাঢ় নীল শার্ট ও প্যান্ট। ছবিতে দেবেরাকোন্ডাকে জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গন দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী বিজয়কে।

তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর থালাপতি বিজয়ের সাথে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে। থালাপতি বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জনা নায়কন’ ২০২৬ সালে মুক্তি পায়। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেন এইচ বিনোথ। এটিকে অভিনতার শেষ সিনেমা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মমিতা বৈজু, নাসের ও প্রকাশ রাজ।

অন্যদিকে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘রানাবলি’ সিনেমার। ২০২৬ সালে বিয়ের পর এটিই জনপ্রিয় এই তারকা দম্পতির আরেকটি উল্লেখযোগ্য যৌথ কাজ।

১৮৭৬-৭৮সালের মহামাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী এই সিনেমাটি রাহুল সংকৃত্যায়নের পরিচালনায় প্রযোজনা করেছেন মিথ্রি মুভি মেকার্স ও টি-সিরিজ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। ইন্ডিয়া টুডে

বিষয়:তামিলনাড়ু থালাপতি বিজয় বিজয় দেবেরাকোন্ডা মুখ্যমন্ত্রী রানাবলি রাশমিকা মান্দানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…