ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর, ফল প্রকাশ ডিসেম্বরে

ছবি: সংগৃহীত
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আক্তারুজ্জামান বলেন, ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন করা ও ফল প্রকাশের কাজ আমরা সম্পন্ন করব। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে।
বোর্ডগুলোকে পুরো প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করতে হবে। ফলে সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই বলেও জানান তিনি।
এর আগে শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত সময়সূচি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।






