ভারতের তামিলনাড়ুতে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিক কল্যাণমূলক পদক্ষেপ, আর্থিক সহায়তা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন রাজ্যের সংখ্যালঘুবিষয়ক কল্যাণমন্ত্রী এ এম শাহজাহান।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজ্য বিধানসভায় নিজ দপ্তরের অনুদানের দাবির ওপর বিতর্কে অংশ নিয়ে তিনি এসব ঘোষণা দেন।
মন্ত্রী জানান, সরকারি কোটায় ভর্তি হওয়া মুসলিম নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের পুরো টিউশন ফি বহন করবে রাজ্য সরকার। সরকারি, সরকারি সহায়তাপ্রাপ্ত ও স্বনির্ভর প্রতিষ্ঠান থেকে কলা, বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, কৃষি ও আইন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।
এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ২০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়া প্রথম থেকে অষ্টম শ্রেণির মুসলিম ছাত্রীদের জন্য চালু থাকা ওয়াকফ বোর্ডের বৃত্তি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও সম্প্রসারণ করা হয়েছে। এসব শিক্ষার্থীকে বছরে ২ হাজার রুপি করে দেওয়া হবে। এতে ৪১ হাজার ৩৮৪ জন ছাত্রী উপকৃত হবে এবং এ জন্য ব্যয় হবে ৮ কোটি ২৮ লাখ রুপি।
উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে চেন্নাইয়ে নতুন একটি সংখ্যালঘু নারীদের কলা ও বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করবে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড। এ জন্য প্রাথমিকভাবে ২ কোটি ৪৫ লাখ রুপি বরাদ্দ দেওয়া হবে বলে জানান শাহজাহান।
মুসলিম ওয়াকফ ও খ্রিষ্টান ধর্মীয় সম্পত্তিতে বাণিজ্যিক কমপ্লেক্স ও বিয়ের হলের মতো আয়বর্ধক সম্পদ গড়ে তুলতে ১০০ কোটি রুপির একটি ঘূর্ণায়মান তহবিল গঠনের কথাও জানান তিনি। এই তহবিল থেকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণদের দক্ষতা উন্নয়নেও নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। তামিলনাড়ু স্কিল ডেভেলপমেন্ট করপোরেশনের মাধ্যমে চার বছরে ১০ হাজার সংখ্যালঘু তরুণকে বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, পোশাক ডিজাইন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, সূচিকর্ম ও কৃষি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। রাজ্যের সব জেলায় এসব প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তরুণদের স্ব-কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।
ঘোষিত এসব পদক্ষেপের মধ্যে মুসলিম ছাত্রী ও নারীদের শিক্ষায় আর্থিক সহায়তা, উচ্চশিক্ষার জন্য নতুন অবকাঠামো, সংখ্যালঘু সম্প্রদায়ের আয়বর্ধক সম্পদ তৈরিতে সুদমুক্ত ঋণ এবং তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রয়েছে।









