চেন্নাইয়ে ‘টক্সিক’ ছবির প্রচার অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ভূয়সী প্রশংসা করেছেন কন্নড় তারকা যশ। বিজয়ের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেছেন, তাকে দেখে অনেক কিছু শিখেছেন তারা।
সোমবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে ‘টক্সিক’-এর প্রাক্-মুক্তি আয়োজনে বক্তব্য দেন যশ। সেখানেই বিজয়কে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা।
তার ভাষায়, বিজয় যে ভালোবাসা মানুষের কাছ থেকে অর্জন করেছেন, তা এখন স্পষ্ট। সেই ভালোবাসা ও আস্থার কারণেই তামিলনাড়ুর মানুষ তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।
যশ বলেন, বিজয়ের শৃঙ্খলা ও দায়িত্ববোধ তাকে মুগ্ধ করে। বিশেষ করে ‘টক্সিক’ ও বিজয়ের ‘জনা নয়াগন’-এর প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ নাকি প্রায়ই বিজয়ের কাজের প্রতি নিষ্ঠার কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, বিজয় সকাল থেকে রাত পর্যন্ত তামিলনাড়ুর মানুষের জন্য কাজ করছেন।
অভিনেতা হিসেবে দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান সমাজের জন্য ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে বলেও মনে করেন যশ। তার মতে, বিজয় এখন সেই জায়গায় পৌঁছেছেন, যেখানে তিনি মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।
বিজয়ের রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনাও জানিয়েছেন যশ। একই সঙ্গে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে তিনি স্বচ্ছ ও ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থাতেও এমন পরিবর্তন আসার আশা প্রকাশ করেন তিনি।
এদিকে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। গীতু মোহানদাস পরিচালিত ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।
বিজয়কে নিয়ে যশের এমন প্রশংসা সামাজিক যোগাযোগমাধ্যমেও এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এনডিটিভি









