দীর্ঘ প্রতীক্ষা, একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়া এবং নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেল দক্ষিনী অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’।
ছবির প্রথম দিনের প্রথম শো ঘিরে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুরাগীদের উত্তেজনা, আনন্দের ছবিই ধরা পড়েছে। এদিন ভোর থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। ঢাক-ঢোল, নাচ-গান, বাজি পোড়ানো, বিজয়ের ছবির বড় কাট-আউট নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
চেন্নাইয়ের কোয়েম্বত্তূরের ‘রোহিনী’ থিয়েটারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে। প্রেক্ষাগৃহ চত্বরে বিজয়ের বিশাল পোস্টার ও কাট-আউট সাজিয়ে অভিনেতাকে অভিনব উপায়ে শুভেচ্ছা জানান তার সমর্থকেরা। বহু জায়গায় দুধ ঢেলে নায়কের পুজো করতেও দেখা যায়। বড়পর্দায় প্রিয় তারকাকে শেষ বার দেখার সুযোগ যেন কেউ হাতছাড়া করতে চাননা।
এদিকে অগ্রিম টিকিট বিক্রিতেও দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা। এ পরিস্থিতিতে ভ্যারাইটি ইন্ডিয়া বক্স অফিস বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন সিনেমাটির সংকট ও আয় নিয়ে। অনলাইনে ফাঁস হওয়ার পরও সিনেমাটি আদৌ ব্যবসা করবে কি না, তা ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা।
চেন্নাইভিত্তিক খ্যাতনামা বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মনে করেন, সিনেমাটির শুরু দুর্দান্ত হবে। তবে দীর্ঘমেয়াদে একই দর্শক বারবার হলে ফিরে আসবেন এমন সম্ভাবনা কম। এসব তথ্য স্মরণ করে তিনি বলেন, “সিনেমাটির প্রথম দিনের আয় অবশ্যই বড় হবে। তবে বিধানসভা নির্বাচনের আগে পুরো সিনেমাটি ফাঁস হয়েছিল; এ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
অনেকেই সিনেমাটি দেখে ফেলেছেন। তারপরও উদ্বোধনী আয় দারুণ হবে বলে ধারণা করা যাচ্ছে। কারণ ভক্তরা বিজয়ের বিদায় উদযাপন করতে চাইবেন। কিন্তু প্রশ্ন হলো—সিনেমাটি কি পুনরায় দর্শক টানতে পারবে? দ্বিতীয় সপ্তাহান্তেও কি মানুষ হলে যাবেন? এখনই এসব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।”
সংকট থাকলেও উদ্বোধনী দিনে শতকোটি রুপি আয়ের সম্ভবনা রয়েছে বলে মত রমেশ বালার। ব্যাখ্যা করে তিনি বলেন, “মুক্তির প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫-১০০ কোটি রুপি আয় করতে পারে। কারণ ‘লিও’ সিনেমা মুক্তির প্রথম দিনে ১৫০ কোটি রুপি আয় করেছিল। কিন্তু ‘জন নায়াগান’ সেই অঙ্কে পৌঁছাবে না বলে মনে হয়। তবে ১০০ কোটি রুপির কাছাকাছি যেতে পারলে শুরুটা ভালো হবে।”
এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-পূজা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স।







